👁 105 Views

হরিণাকুণ্ডুতে নিরাপদ খাদ্য ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে আলোচনা সভা ও কৃষক সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিরাপদ খাদ্য, মাটির স্বাস্থ্য সুরক্ষা, দুর্নীতিমুক্ত কৃষিখাত এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে এক বিশাল আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭শে অক্টোবর (মঙ্গলবার) বেলা ২ ঘটিকায় হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়। ‘বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশন’ ৪নং কাপাশহাটিয়া ইউনিয়ন শাখার আয়োজনে এবং ইনটেক এগ্রো ইন্ডাস্ট্রিজ এর সৌজন্যে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নোমান হোসেন।
বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা পরিষদ ঝিনাইদহের প্রশাসক জনাব মোঃ আব্দুল মজিদ, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপন, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুল মোমিন, এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা (অঃ দাঃ) জনাব মোঃ মেহেদী হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দ, যাদের মধ্যে রয়েছেন— হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল হাসান মাস্টার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ তাইজাল হোসেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আহসানুল ইসলাম ডন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জনাব খান মোহাম্মদ জিল্লুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং কৃষিখাতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সমাবেশটিতে স্থানীয় ৪নং কাপাশহাটিয়া ইউনিয়নসহ হরিণাকুণ্ডু উপজেলার বিপুল সংখ্যক কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।