
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ঐতিহ্যবাহি পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব হলরুমে মঙ্গলবার(১৬জুন)অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।এ সময় তিনি প্রেস ক্লাবের নির্মাণ কাজ সম্পন্ন করণে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।
সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান স্বপন,মানিক মিয়া রানা ও জয়নুল আবেদীন রানা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিক নিয়মে বাস্তবায়ন করতে হবে। সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে পাবনা জেলার সকল উপজেলায় জেলা পরিষদের নির্ধারিত কাজগুলো বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে জেলার সার্বিক উন্নয়নে যে কোনো ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে আমি সদা প্রস্তুত। স্থানীয় যে কোন সমস্যা আমাকে অবহিত করা হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের চেষ্টা করব।