👁 408 Views

বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন-শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বাঘা (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১ আগস্ট ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহফুজা শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম শফি, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

বক্তরা বলেন, নজরুল শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহের আগুন, প্রেমের কবিতা আর সাম্যের বানী। তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যেতে তিনি বলেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে ৫৭ রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম উল্লেখ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের রচিত গান, আবৃত্তি ও কবিতা পাঠ করে।

নজরুলের বিদ্রোহী চেতনা ও সাম্যের বাণীকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *