
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
এসময় ডেঙ্গু রোগীদের পৃথকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিজ অর্থায়নে ১০টি শয্যা, বিছানা, বালিশ, মশারি ও বৈদ্যুতিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা আল্ট্রাসনোগ্রাফি মেশিনের পরিবর্তে নতুন মেশিন এবং কিডনি রোগীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেশিন বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন সংসদ সদস্য। এ সময় মন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে জয়নুল আবদিন ফারুক হাসপাতাল ও জরুরি বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে নেওয়া জরুরী বিভাগে ২০ টাকার টোকেন মানি আদায় বন্ধের নির্দেশ দেন তিনি।