👁 437 Views

শার্শায় ২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

শার্শা ( যশোর) প্রতিনিধি- যশোরের শার্শায় ২০০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স কফ সিরাপসহ মো. সবুজ খান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাকশিয়া বাজারের সেতু এলাকায় অভিযান চালায় শার্শা থানা পুলিশ। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে ইজিবাইকসহ মো. সবুজ খানকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে। পুলিশের দাবি, উদ্ধার করা কফ সিরাপগুলো অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পাকশিয়া বাজারের সেতু এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সবুজ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।