
শার্শা ( যশোর) সংবাদদাতা- যশোরের শার্শা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বাড়ছে। গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দলবদ্ধ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন শিশু, শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসে কুকুরের কামড়ে ৮৮০ জন চিকিৎসা নিয়েছেন। এর আগে ১ থেকে ৭ সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১০ জন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, গ্রাম ও রেললাইনসংলগ্ন এলাকায় দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পথচারী এবং শিশুদের কুকুরের তাড়া ও আক্রমণের শিকার হতে হচ্ছে। সম্প্রতি আমড়াখালী ও আশপাশের এলাকায় একসঙ্গে একাধিক মানুষ কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, কুকুরের কামড়ে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কুকুর কামড়ালে দেরি না করে ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকার আওতায় আনার উদ্যোগের কথা জানানো হয়েছে। বেনাপোল পৌর এলাকাতেও সম্প্রতি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এদিকে, কুকুরের কামড়ের ঘটনা অব্যাহত থাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুদের একা বাইরে না পাঠানো এবং অপরিচিত বা আক্রমণাত্মক কুকুর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।