
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ শিশুদের খেলাধুলার ঝগড়াকে কেন্দ্র করে বড়দের হামলায় জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গণ্ডা পূর্বপাড়া গ্রামে। নিহত জামাল মিয়া গন্ডা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জামাল মিয়ার ছেলে ওমর ফারুক (৮) এবং প্রতিবেশী সুজন মিয়ার ছেলে হুসাইন মিয়া (৭) খেলাধুলার সময় ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই শিশুর পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর সুজন মিয়া (৪৬) ও তাঁর স্ত্রী অজুফা আক্তার (৩৭) জামাল মিয়া ও তাঁর ছেলেকে অসাব্য ভাষায় গালাগালি করতে থাকলে জামাল মিয়া এর প্রতিবাদ করেন। এরই এক
পর্যায়ে সুজন মিয়া হাতে থাকা লাঠি দিয়ে জামাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে পাশ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ খবর এলাকায় এসে পৌছলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক সুজন মিয়াকে আটক করতে না পারলেও তার স্ত্রী অজুফা আক্তারকে আটক করে পুলিশের সোপর্দ করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে সুজনের স্ত্রী অজুফা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।