
এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ : অবশেষে নওগাঁর মান্দা উপজেলাবাসীর দীর্ঘদিনের আলোচিত ও প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে আরো একধাপ এগিয়ে গেল। উপজেলা সদর প্রসাদপুর বাজারের প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদের ওপর ১৯০ মিটার কংক্রিটের সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজস্ব অ্যাকাউন্টে এমন সুখবর জানিয়েছে পোস্ট দেন। তাঁর এ পোস্ট দেয়ার পরপরই মান্দার মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছেন।
জানা যায়, গত ৫৫ বছর ধরে উপজেলার সদর প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুই পাড়ের মানুষকে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হয়। বর্ষা মওসুমে এ দুর্ভোগ আরো বেড়ে যায়।
এ সেতু নির্মিত হলে মান্দার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় বাড়বে গতিশীলতা।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর প্রচেষ্টা ও উদ্যোগে একনেকে প্রকল্পটি অনুমোদনের মধ্য দিয়ে মান্দাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এখন দ্রুত প্রকল্পের বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী।
মান্দার মানুষের কাছে এটি শুধু একটি সেতু নয়, বরং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি এবং উন্নত যোগাযোগব্যবস্থার নতুন সম্ভাবনা।