
ইয়ানূর রহমান : খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। চয়ণিকা ফার্মেসিতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ীর ছেলে জারিফুজ্জামান জারিফ এক যুবক।
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘিরে একের পর এক গুলি বর্ষণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে খুলনা জুড়ে । নগরীর বিভিন্ন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ছে। সর্বশেষ শুক্রবার রাতে (২৭ নভেম্বর) নগরীর চারটি স্থানে পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আবারও বন্ধ হয়ে গেছে। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
চাঁদা দাবির মুখে টানা ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় পুনরায় চালু করা হয়েছিল নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়ণিকা ফার্মেসি। কিন্তু প্রতিষ্ঠানটি চালুর কয়েক দিনের মধ্যেই সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) আহত হয়েছেন।
শুক্রবার রাত ৭টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ৪৭ নম্বর বাড়িতে অবস্থিত চয়ণিকা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে ফার্মেসির কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। পরে আহত জারিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৭ দিন চয়ণিকা ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।
কিন্তু পুলিশের সহযোগিতায় ব্যবসাপ্রতিষ্ঠান চালুর পরও সেখানে গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আগে যারা চাঁদা দাবি করেছিল, শুক্রবারের হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে একই দিন সকালে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় পৃথক দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একটি তুষকাঠের মিল ও অন্যটি চানাচুর কারখানা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে কয়েক দিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভোর হওয়ায় মিলের কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
একই এলাকার চানাচুর কারখানার মালিক শামসুর রহমানও দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের চাপের মুখে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে একই সন্ত্রাসী বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরপর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় ব্যবসার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
একই দিন রাতে নগরীর উপকণ্ঠে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নে জিয়াউর রহমান ফকিরের বসতবাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। তারা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
হেলমেট পরা থাকায় হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বাড়ির প্রধান ফটক ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খুলনায় ধারাবাহিক গুলিবর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, খুলনা মহানগরীতে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, মারামারি, দখল ও মাদকের বিস্তার ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা মহানগর পুলিশ চরমভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নগরীর সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারা, কী উদ্দেশ্যে এবং কাদের নির্দেশে এসব গুলিবর্ষণের ঘটনা ঘটাচ্ছে, তা দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে এসব অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থানে গুলিবর্ষণের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সব মিলিয়ে চাঁদা দাবির মুখে ১৭ দিন বন্ধ থাকা চয়ণিকা ফার্মেসি পুলিশের সহযোগিতায় চালুর পরও সেখানে গুলিবর্ষণ, একই দিনে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় খুলনার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধীদের পাশাপাশি চাঁদাবাজ চক্রের নেপথ্যের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।