
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ১৪ দিন বয়সী এক নবজাতক ছেলেকে পানির প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগম (১৯)কে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত নবজাতক ওই এলাকার সৌরভ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভ হোসেনের সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এরই মধ্যে ১৪ দিন আগে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।
সোমবার সন্ধ্যার পর নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি প্রথমে দাবি করেন, পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি শিশুটিকে জিনে নিয়ে গেছে বলে জানান। তার বক্তব্যে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুটির খোঁজ শুরু করেন।
একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নবজাতকের মা ফাতেমা বেগমকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।