
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে “সচেতনতামূলক কর্মসূচি-২০২৬ এর” আওতায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করা এখন সময়ের দাবি। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, যুক্তিতর্ক ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ফরিদুল আকন্দ, বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ মোল্লা, দিশারী কোচিং সেন্টারের পরিচালক ও সাংবাদিক আল আমিন হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং করণীয় বিষয়ে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনাউপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং সফল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।