
রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁঃ
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক। তিনি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বিসিকের উপব্যবস্থাপক শামিম আক্তার মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।নওগাঁয় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নেওয়া প্রায় ৭০ জন উদ্যোক্তা সভায় অংশ নেন। এ ছাড়া নওগাঁ চেম্বার অব কমার্স ও ক্ষুদ্র কুটির শিল্প মালিক সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনায় উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সফলতার গল্প ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা বলেন। তাঁরা প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পণ্যের বাজারজাতকরণ সহজ করা এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদের সমন্বয় জরুরি। স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় খাতকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর সুযোগ রয়েছে। উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জেলার অর্থনীতিতে উদ্যোক্তারা আরও বেশি অবদান রাখতে পারেন।
সভায় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে কৃষি বিপণন অধিদপ্তরের ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একজন উদ্যোক্তার কাছে একটি ফুড কার্ট ভ্যান বিতরণ করা হয়।