
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ আগষ্ট সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।
এ সময় কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও ঈফফাত জাহান তুলি জানান, অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।