👁 103 Views

লালমনিরহাটে চালু হচ্ছে ডায়ালাইসিস ইউনিট, কিডনি রোগীদের চিকিৎসায় নতুন দিগন্ত, মন্ত্রী দুলুর উদ্যোগে স্বস্তি

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।  লালমনিরহাটের কিডনি রোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আন্তরিক প্রচেষ্টা ও মানবিক উদ্যোগে জেলা শহরের সোনালী পার্ক জেল রোড এলাকায় অবস্থিত ড. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল, লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস ইউনিট চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী জুলাই মাসের মধ্যেই ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ডায়ালাইসিস ইউনিটটি স্থাপন করা হয়েছে। ইউনিটটির যন্ত্রপাতি স্থাপন, অবকাঠামো উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ সার্বিক কার্যক্রমে ফাউন্ডেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দীর্ঘদিন ধরে জেলার কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিতে রংপুরসহ দূরবর্তী শহরে ছুটতে হতো। এতে রোগী ও তাদের স্বজনদের সময়, অর্থ এবং শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক ভোগান্তিও পোহাতে হতো। বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিস গ্রহণকারী রোগীদের জন্য এ যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য।

নতুন ডায়ালাইসিস ইউনিট চালু হলে লালমনিরহাটের কিডনি রোগীরা নিজ জেলায় আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে একদিকে যেমন চিকিৎসাসেবা সহজলভ্য হবে, অন্যদিকে রোগীদের অতিরিক্ত যাতায়াত ব্যয় ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে। ফলে জেলার হাজারো রোগী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দাবির পর অবশেষে লালমনিরহাটে ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে। তারা মনে করেন, এটি জেলার স্বাস্থ্যসেবা খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে ড. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল, লালমনিরহাটের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার ভট্টাচার্য বলেন, “মাননীয় ত্রাণ মন্ত্রী মহোদয়ের উদ্যোগে এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে মাননীয় মন্ত্রী মহোদয় ডায়ালাইসিস ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করছি। ইউনিটটি চালু হলে জেলার অসংখ্য কিডনি রোগী নিজ জেলায় আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন এবং সরাসরি উপকৃত হবেন।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ডায়ালাইসিস ইউনিট চালুর মাধ্যমে লালমনিরহাটে বিশেষায়িত স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের সূচনা হবে এবং কিডনি রোগীদের চিকিৎসা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *