👁 297 Views

বেগমগঞ্জে ৯৩১০ পিস ইয়াবাসহ আটক বুলেট ফারুক

মো.জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি  ::  নোয়াখালীর বেগমগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মো. ওমর ফারুক প্রকাশ ‘বুলেট ফারুক’ (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেগমগঞ্জ মডেল থানাধীন জমিদারহাট পূর্ব বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ফেনী টিমের সহায়তায় পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএনসির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বুলেট ফারুকের দেহ তল্লাশি করে কোমরে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলের টুলবক্স তল্লাশি করে আরও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসির তথ্যমতে, বুলেট ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা এলাকার অন্যতম শীর্ষ ইয়াবা সরবরাহকারী। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ মোট ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করে নিয়মিত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। বেগমগঞ্জের লতিফপুর, হাজীপুর, রসুলপুর, জমিদারহাট, সেনবাগের সেবারহাট, ছমির মুন্সিরহাট, কাবিলপুর এবং ফেনীর দাগনভূঞা এলাকার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে এসব ইয়াবা সরবরাহ করা হতো।
নোয়াখালী অঞ্চলে তার নিয়ন্ত্রণে একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
এর আগে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *