👁 438 Views

পাবনায় চাঞ্চল্যকর কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী সেনা সদস্য রাকিবুলের যাবজ্জীবন কারাদন্ড

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধু কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী সেনা সদস্য(বরখাস্ত) রাকিবুল ইসলাম(২২)কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রোব্বার পাবনার বিশেষ জজ(জেলা ও দায়রা জজ)আবু সালেহ মো: সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামী রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলা সুত্রে জানা যায, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুর কাদের এর মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের মো: চাঁদু সেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্ত বিয়ের পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলনা এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কনিজ ফাতেমাকে মারধোর করতো। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কাদের বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা চলাকালীণ সেনা সদস্য রাকিবুলকে সেনা বাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানীর পর রোব্বার এই মামলার রায় দেয়া হয়। আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদী পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *