👁 51 Views

পাবনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে World Consumer Rights Day বা বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) সকালে “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ ভোক্তাদের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। তিনি বলেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে অনিয়ম, ভেজাল ও প্রতারণা রোধে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশ কর্মি শফিক আল কামাল, সাংগঠনিক সম্পাদক ও নদী গবেষক ড. মনসুর আলম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা কোহিনুর এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম শাকিব।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব পাবনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *