
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে জুড়ী ও কুলাউড়ার সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধ, হামলা-পাল্টাহামলা ও গাড়ি আটকে রাখার ঘটনার জেরে জুড়ীবাসী এবং জুড়ী-বড়লেখার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জুড়ীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জুড়ী বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে জুড়ীবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, কুলাউড়ায় সিএনজি চালকদের এক শপথ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর উপস্থিতিতে কুলাউড়া সিএনজি চালক সংগঠনের উপদেষ্টা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন জুড়ীবাসী এবং জুড়ী-বড়লেখার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়লে জুড়ী ও বড়লেখার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন জুড়ী উপজেলা বাস-লাইটেস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোস্তাকিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দুদুল মিয়া, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল জব্বার, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ইলিয়াছুর রহমান ময়না, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, শ্রমিক নেতা আব্দুস সহিদ, বড়লেখা শ্রমিক ইউনিয়নের নেতা নজরুল ইসলাম, সাইফুর রহমান খলকু, রাসেল আহমদ, ইকবাল আহমদ, ইসলাম উদ্দিন, শ্রমিক নেতা পাপলু মিয়া ও ব্যবসায়ী জহির রায়হান প্রমুখ।
এ সময় জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা রেজাউল আলম ভূঁইয়া খোকনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুড়ীবাসী ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে এমন কটূক্তি দুই উপজেলার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীল ব্যক্তি এভাবে কোনো জনপ্রতিনিধি কিংবা একটি জনপদকে হেয় করে বক্তব্য দিতে পারেন না। তাঁরা প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার করে জুড়ী-বড়লেখাবাসী ও সংসদ সদস্যের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
একই সঙ্গে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনে জুড়ী ও বড়লেখার চালকদের সঙ্গে কথিত দুর্ব্যবহার, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং লাইনের শৃঙ্খলা ভেঙে স্থানীয় গাড়িগুলোকে আগে গ্যাস দেওয়ার অভিযোগের সুষ্ঠু সমাধান দাবি করেন বক্তারা। পাশাপাশি সব এলাকার চালকদের জন্য সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।