
নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব সহকারীর পরিচয়ে প্রতারণার অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সিংড়ার বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে নাটোরের সিংড়ার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করেন। উনাদের সরকারি সুযোগ সুবিধা এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ রকেটসহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে অর্থ দাবি করতো এবং অর্থ আদায় করতো।
এসপি আরও বলেন, পরে বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে সিংড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হুরায়রা বাংলাদেশ বেতার রংপুরে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন সেখানেও সে প্রতারণার অভিযোগে বরখাস্ত হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর সাথে আরও কে কে জড়িত আছে বিষয়টি আমরা অনুসন্ধান করছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।