
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটির দিনাজপুর জেলা শাখা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবগঠিত কমিটির সার্বিক বিষয় নিয়ে সূচনা বক্তব্য দেন নবগঠিত কমিটির সদস্য সচিব ইমরুল হাসান রাজিব। তাঁর বক্তব্যের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেয়ার পর দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি এবং সাধারণ সম্পাদক ড. কে আই মন্টি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এরপর সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন, ককমিটির অন্যতম সদস্য মো. আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিব গোলাম বীন নাছের, কমিটির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন, সদস্য মোঃ নয়ন, সদস্য রাশেদুজ্জামান জামান রাশেদ।
এরপর নবগঠিত কমিটির পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গোলিয়া।