👁 245 Views

মানবসেবী সাংবাদিক হিসেবে পরিচিতি পাচ্ছেন আসাদুজ্জামান রুবেল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবসেবী সাংবাদিক হিসেবে পরিচিতি পাচ্ছেন গাইবান্ধার তরুণ সাংবাদিক আসাদুজ্জামান রুবেল। কলমকে মানবসেবার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি তুলে ধরছেন গ্রামাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা ও বঞ্চনার চিত্র।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, বিনা চিকিৎসায় কষ্ট পাওয়া মানুষ কিংবা শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংবাদ প্রকাশের মাধ্যমে অনেক অসহায় পরিবারের সরকারি সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনের পথ সুগম করতে ভূমিকা রেখেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধীদের হুইলচেয়ার, শীতার্তদের শীতবস্ত্র, অসহায়দের খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন রুবেল। তাঁর এসব উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়দের মতে, তিনি শুধু মানুষের দুঃখ-দুর্দশার সংবাদ তুলে ধরেন না, বরং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করেন।

সাংবাদিক আসাদুজ্জামান রুবেল বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, মানুষের সেবা করার একটি সুযোগ। যতদিন কলম চলবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

তাঁর এ মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও একটি দৃষ্টান্ত হয়ে উঠছে।