👁 480 Views

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের জয়নাল আবদিন  খন্দকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে পরিবারের লোকজন বালতি ও কলসির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সেনবাগ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, ওই ঘরে ৩ জন ভাড়নটিয়া ভাড়ায় বসবাসকারী বাসিন্দাদের নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সেনবাগ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আজিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।