👁 189 Views

নবাবগঞ্জে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত: পিকআপে করে ২ গরু লুট

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। আহত সবুজ মিয়া ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একদল দুর্বৃত্ত প্রাচীর টপকে সবুজ মিয়াদের বাড়ির ভেতর প্রবেশ করে। গোয়াল ঘর থেকে একটি বড় ও একটি ছোট গরু নিয়ে তারা পালানোর চেষ্টা করলে সবুজ মিয়া টের পেয়ে যান। তিনি চোরদের আটকে এগিয়ে গেলে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে সবুজ মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় সবুজ মিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা গরু দুটিকে বাইরে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সবুজ মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভোররাতে বসতবাড়িতে ঢুকে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের গ্রেপ্তার ও গরু উদ্ধারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।