👁 363 Views

আটোয়ারীতে তিন মাদক কারবারী আটক

ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ-৩২-৩০২৭)ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,পঞ্চগড় পুলিশ সুপার মোঃ আবু সাইমের নির্দেশনা ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের পরামর্শ মতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১২ টার দিকে এসআই অলকেশ চন্দ্রের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আটোয়ারী থানাধীন রাধানগর ইউনিয়নে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার সময় রাধানগর বোর্ড অফিস বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করা হয়।
এসময় বোদা হতে আটোয়ারীগামী প্রাইভেটকার দ্রুত গতিতে চেকপোস্টের দিকে আসলে পুলিশের অভিযানকারী টিম গাড়ীটির গতিরোধ করেন। পরে প্রাইভেটকারে থাকা ড্রাইভারসহ তিন জনের দেহ তল্লাশি ও প্রাইভেটকার তল্লাশি করে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ তিনজনকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো,উপজেলার রাধানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের পুত্র চন্দন কুমার রায়(দুলাল) (৩৭), মোঃ আইনুল হকের পুত্র খলিল হাসান নয়ন (৩২) ও মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ সবুজ (২৯)।
এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান হেরোইনসহ তিনজন আটক ও প্রাইভেটকার জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/৭(খ)/৮(খ)/৩৮/৪১ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নং-১৮,তারিখ: ২৫/০৯/২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *