👁 65 Views

বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, বিপুল পরিমাণ ওষুধ জব্দ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার বেড়া উপজেলার রাকশা পুরান বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সিরাজুল ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকানটিতে থাকা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোনাল্ট চাকমার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাকশা পুরান বাজার এলাকার সিরাজুল ফার্মেসীতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওই ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ফার্মেসীর মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত আলামত বিনষ্টের ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহায়তাকারী ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *