👁 205 Views

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

লিমন হায়দারঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(আই এইচ আর সি)এর অর্থায়নে দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুরে সমাজের সুবিধা বঞ্চিত-ছিন্নমূল-অসহায় ও ইয়াতিম শিশুদের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে আনন্দ মহল অনাথ আশ্রম নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।

আজ ১২ই নভেম্বর (বৃহস্পতিবার)সকাল
১১টায় আনন্দ মহল অনাথ আশ্রমটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

এরপর সংস্থার দিনাজপুর জেলার শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(ihrc)এর দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান,দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম,ওসি(তদন্ত)তয়ন কুমার মন্ডল ও ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ৮টি জেলার প্রতিনিধিবৃন্দ,স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ,সংবাদ কর্মীবৃন্দ ও সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,সমাজের অসহায়,অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই ভবিষ্যৎ। যথাযথ পরিচর্যা,শিক্ষা, ভালোবাসা ও নিরাপদ পরিবেশের অভাবে অনেক শিশু স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। এসব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে”আনন্দ মহল অনাথ আশ্রম”একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, শিশুদের শুধু আশ্রয় প্রদানই নয়,বরং মানসম্মত শিক্ষা,নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে যোগ্য, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হোক এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিশুদের জীবনমান উন্নয়ন,শিক্ষা এবং অধিকার সুরক্ষায়”আনন্দ মহল অনাথ আশ্রম”একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায়।এ মহতী উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ, জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সচেতন এলাকাবাসীর প্রত্যাশা,আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতিষ্ঠিত “আনন্দ মহল অনাথ আশ্রম”ফুলবাড়ীসহ দিনাজপুর অঞ্চলের অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ও আশার আলো হয়ে উঠবে।