👁 240 Views

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পৃথক এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম (৬২) এবং চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাহিন মাহমুদ (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলার ৩, ৪ ও ৫ নম্বর তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে।
গ্রেপ্তার আব্দুল হাকিম দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। অপরদিকে শাহিন মাহমুদ উপজেলার কাজলাপাড়া এলাকার সাদেক আলীর ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।