
জানাযায় মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন মাষ্টার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
দুর্ভোগের শিকার যাত্রী রিফাত খন্দকার বলেন, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ট্রেনে রওনা হয়েছি। কিন্তু ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, দুপুর দেড় থেকে দুইটার মধ্যে আমার ঢাকায় ফেরার কথা। কিন্তু সিরাজগঞ্জেই সেই সময় হয়ে গেছে। এখন ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসতে আরও সময় লাগবে, ভাবছি ট্রেনের অপেক্ষায় বসে না থেকে বাসেই চলে যাবো।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। আর এই দুর্ঘটনার কারণে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিম সায়দাবাদ স্টেশনে দুই হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে। এটি স্বাভাবিক হতে আরও অন্তত তিন ঘণ্টা সময় লাগবে।