👁 34 Views

বদরগঞ্জে রাধানগর ইউপি কমপ্লেক্স স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার ৬ নম্বর রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্থানীয় বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রিট পিটিশনার ও সাবেক ইউপি সদস্য শ্রী সচীন্দ্র নাথ রায়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য ওয়াজেদুল হক, সুধীজন আকবর আলী, রশীদুল ইসলাম, হারুনুর রশীদ বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রাধানগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ১৯৬০ সাল থেকে দিলালপুর মৌজার ৫৪ শতক নিষ্কণ্টক জমিতে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এই প্রশাসনিক কেন্দ্রকে স্থানান্তরের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তর নিয়ে বিষয়টি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থে ইউপি কমপ্লেক্স স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান স্থান থেকে ইউপি কমপ্লেক্স সরিয়ে নেওয়া হলে এলাকার কৃষি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ সেবা গ্রহণকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি দিলালপুর ও আশপাশের জনগণের দীর্ঘদিনের প্রশাসনিক সুবিধাও ব্যাহত হবে।
বক্তারা অবিলম্বে রাধানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউপি কমপ্লেক্সের বর্তমান অবস্থান বহাল রাখার পক্ষে স্লোগান দেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *