👁 228 Views

আরিফুল ইসলাম বিলাত একাডেমি সেমিফাইনালে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার দিঘায় লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় পেয়ে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি সেমিফাইনালে ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিঘা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ধুপাল ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।

নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে টাই ব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৫-৩ গোলে জয়লাভ করে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছেন আরিফুল ইসলাম বিলাত। তিনি মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং রাজশাহী বিভাগীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সফল চেয়ারম্যান ।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আরিফুল ইসলাম বিলাত বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ জীবন গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আরিফুল ইসলাম বিলাত একাডেমির এই পথচলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ মুনতাজ আলী। বিশেষ অতিথি ছিলেন আরিফুল ইসলাম বিলাত এর পিতা নবীর উদ্দিন, সমাজ সেবক আবুল কালাম ও তুহিন উদ্দিন, বকুল হোসেন, বাউসা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘা তরুণ সংঘের খেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি মো. লিটন ও রনি মাস্টার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি, সহসম্পাদক মো. সেলিম, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলাপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।