👁 463 Views

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় থেমে গেল তিন তাজা প্রাণ

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর),  প্রতিনিধি;দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা রানীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  নিহতরা হলেন—দিনাজপুর ঘোড়াঘাট আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ সময় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের ঘাটতির কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *