👁 191 Views

পলাশবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে মহাসড়ক অবরোধ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তার ও মাদক ব্যবসা নির্মূলের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম রাস্তার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
অবরোধ চলাকালে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সিয়াম প্রধান এবং সাংবাদিক ও জামায়াত নেতা আব্দুল মতিন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় কয়েকজন মাদক কারবারি কার্যক্রম চালিয়ে আসছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এলাকাবাসীর দাবি, একাধিকবার প্রশাসনকে অবগত করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা মাদক কারবারিদের গ্রেপ্তার ও এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।