
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চাম্বলের সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল রানা। দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার একটি লোহার রড তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া জুয়েল রানার একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার দিবাগত রাতে ব্রাজিলের ম্যাচে পরাজয়ের পর তিনি লিখেছিলেন, “দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” তার আকস্মিক মৃত্যুর পর সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে পড়েছে।