
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সাদ্দাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে। নিহতের স্ত্রী সূচিত্রা জানান, নেশার জন্য সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। এসব বিষয় নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগে সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই বিরোধের জের ধরেই রবেন্দ্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেয়ার চেষ্টা করলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে