👁 313 Views

কয়েলের আগুনে পুড়ে ছাই ২ বসতবাড়ি, নিঃস্ব দুই পরিবার

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি পরিবারের বসতবাড়ি। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গভীর রাতে ঈশ্বরপুর গ্রামের একটি বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মো. ইছহাক আলীর পুরো বাড়ি এবং পার্শ্ববর্তী মোছা. সাজেদা বেগমের একটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য ও নগদ টাকাসহ সব মালামাল পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই ও সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভুক্তভোগীরা জানান, আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন তারা চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *