👁 336 Views

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলায় মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন (নাম) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলের একটি মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের মধ্যে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।