👁 248 Views

বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ।। হবিগঞ্জের চুনারুঘাটে প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রাসলীলা। বর্ণাঢ্য আয়োজনে আনন্দগন উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হলো মণিপুরীদের রাসলীলা উৎসব।

উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে মণিপুরীদের আবাসস্থলে
ঐতিহ্যবাহী মহা-রাসলীলা উৎসবে গত (২৪ নভেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় ৮৪ তম রাসনৃত্য। পরে তা শেষ হয় বুধবার (২৫ নভেম্বর) ভোর রাতে। এতে মণিপুরি শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্য মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের। রাতভর নৃত্যের মাধ্যমে রাধা কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়।

উৎসবস্থলে রাসলীলা দেখতে বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের ঢল নামে। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে বসেছিল আংশিক গ্রামীণ মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী ও পর্যটকদের ঢল নামে।

রাস উৎসবে অংশ নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা।

স্থানীয়রা জানিয়েছেন, ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে মণিপুরিরা প্রথম রাসলীলা উৎসব পালন করেন। এরপর থেকে ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা বিগত ৮৪ বছর ধরে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন।

রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন- ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধা কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন করা হবে।’