👁 387 Views

১৫ টাকার যাত্রায় ৩৪ টাকা ভাড়া! ফতেয়াবাদ নিউমার্কেট রুটে রাইডার বাসের ‘ভাড়া বাণিজ্য’

জুয়েল বড়ুয়া চট্টগ্রাম ব্যুরো : নির্ধারিত গন্তব্য নিউমার্কেট, অথচ মাঝপথে অক্সিজেন ও মুরাদপুরে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। এরপর নতুন যাত্রী তুলে আবারও শুরু হচ্ছে যাত্রা। এভাবে একই রুটের যাত্রীদের তিন দফায় নামিয়ে নতুন যাত্রী ওঠানোর অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ নিউমার্কেট রুটে চলাচলকারী ৩ নম্বর রাইডার বাস সার্ভিসের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে মাঝপথে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তুলে অতিরিক্ত আয় করাই যেন বাসগুলোর কৌশলে পরিণত হয়েছে। এতে একদিকে যেমন যাত্রীদের সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে একই গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তিজৃ ভাড়া। বিশেষ করে সকাল ও বিকেলের অফিস যাতায়াতের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষকে।

অভিযোগ রয়েছে, ফতেয়াবাদ থেকে নিউমার্কেটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা রাইডার বাসগুলো অক্সিজেন গোলচত্বরে পৌঁছেই যাত্রী নামিয়ে দেয়। এরপর অক্সিজেন থেকে নতুন যাত্রী তুলে মুরাদপুরে গিয়ে আবারও যাত্রী নামানো হয়। সেখানে নতুন যাত্রী তুলে বাসটি নিউমার্কেটের উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ ফতেয়াবাদ থেকে নিউমার্কেট পর্যন্ত সরাসরি যাত্রার পরিবর্তে অক্সিজেন ও মুরাদপুরে বারবার যাত্রী নামিয়ে নতুন যাত্রী তোলার মাধ্যমে যাত্রাপথকে কয়েকটি ভাগে বিভক্ত করা হচ্ছে।

শুধু যাত্রী নামানো নয়, ভাড়ার হিসাবেও উঠে এসেছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিউমার্কেট থেকে ফতেয়াবাদ পর্যন্ত আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ১৫ টাকা। তাদের দাবি, ভাড়া দুই টাকা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে নেওয়া হচ্ছে তিন টাকা বেশি। অন্যদিকে নিউমার্কেট থেকে মুরাদপুর ১২ টাকা, মুরাদপুর থেকে অক্সিজেন ১০ টাকা এবং অক্সিজেন থেকে ফতেয়াবাদ ১২ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এভাবে পুরো যাত্রাপথ তিন ভাগে বিভক্ত করে ভাড়া আদায় করলে মোট ভাড়া দাঁড়ায় ৩৪ টাকা। অথচ সরাসরি নিউমার্কেট থেকে ফতেয়াবাদ পর্যন্ত যাত্রায় নেওয়া হচ্ছে ১৫ টাকা। ফলে একই পথের যাত্রায় যাত্রীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে মাঝপথে নামিয়ে দিয়ে নতুন যাত্রী তোলার এই প্রবণতার পেছনে রয়েছে অতিরিক্ত ট্রিপ ও ভাড়া আদায়ের হিসাব। বিশেষ করে সকালবেলায় অফিসগামী যাত্রীরা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানোর জন্য বাসে উঠলেও অক্সিজেন কিংবা মুরাদপুরে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। যানজটের নগরীতে এমনিতেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়, তার ওপর বাসের এই অনিয়মে অনেককে অফিসে সময়মতো পৌঁছাতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

একই চিত্র দেখা যায় বিকেলে অফিস ছুটির পর বাড়ি ফেরার সময়ও। ফতেয়াবাদগামী যাত্রীদের মুরাদপুরে নামিয়ে দিয়ে নতুন যাত্রী তোলার অভিযোগ রয়েছে। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের বারবার বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে বাড়তি ভাড়া, সময় অপচয় ও শারীরিক ভোগান্তি সবকিছুর দায় বহন করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এ নিয়ে প্রতিদিনই যাত্রী ও বাসচালকদের মধ্যে কথা কাটাকাটি এবং অসন্তোষের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রশ্ন উঠেছে, ফতেয়াবাদ থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলের কথা বলে যাত্রী তোলার পর মাঝপথে তাদের নামিয়ে দেওয়ার এমন প্রবণতা কতটা বৈধ? নির্ধারিত রুটের যাত্রীদের গন্তব্যে না পৌঁছে দিয়ে একাধিক দফায় নতুন যাত্রী তোলার মাধ্যমে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? যাত্রী পরিবহনের নামে এমন ব্যবস্থাপনা চলতে থাকলে সাধারণ মানুষ নির্ধারিত সময়ে ও নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছাবে কীভাবে?

এ বিষয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা বেঞ্চ সহকারী এলিম চাকমা বলেন, অভিযানের খবর পেয়ে অনেকেই গাড়ি চলাচল বন্ধ রাখেন। এরপরও নিয়ম ভঙ্গকারী চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানার আওতায় আনা হচ্ছে।

অন্যদিকে মুরাদপুর জোনের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন বলেন, এ ধরনের অনিয়ম দেখামাত্র সংশ্লিষ্ট গাড়ি রেকার করা হয় এবং চালকের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও জরিমানার কথা থাকলেও ফতেয়াবাদ নিউমার্কেট রুটে যাত্রীদের ভোগান্তির অবসান হচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, অভিযান ও জরিমানার পরও একই ধরনের অভিযোগ বারবার সামনে আসছে কেন? শুধু মাঝেমধ্যে অভিযান পরিচালনা নয়, বাসগুলোর রুট পারমিট, নির্ধারিত ভাড়ার তালিকা, মাঝপথে যাত্রী নামানোর নিয়ম এবং বাস্তবে আদায় করা ভাড়া সরেজমিনে যাচাই করা জরুরি। অন্যথায় যাত্রী হয়রানির আড়ালে অতিরিক্ত ভাড়া আদায়ের এই অভিযোগ বন্ধ হবে না বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

তাই ফতেয়াবাদ নিউমার্কেট রুটে ৩ নম্বর রাইডার বাসের অনিয়ম তদন্ত, অনুমোদিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং নির্ধারিত গন্তব্য পর্যন্ত যাত্রী পরিবহন নিশ্চিত করতে বিআরটিএ ও ট্রাফিক বিভাগের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ যাত্রীরা।