
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির প্রতিবাদ করায় জামাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও হামলার শিকার ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার শাহিদ গংদের বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, প্রতিবেশী এক নারীর অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রি করেন শাহিদ গং। এ ঘটনায় বাধা দেয়ায় অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।
হামলার শিকার জামাল উদ্দিন জানান, গত শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জামিরাপাড়া মোড়ে শাহাবুদ্দিনের চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন তিনি। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নীলাফুলা জখম হয়। এ সময় অভিযুক্তরা সুযোগ পেলে তাঁকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন জামাল উদ্দিন। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে অভিযুক্ত শাহিদ, সুমন, রাজিব, মজিদা খাতুন ও মুর্শেদাকে বিবাদি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাল উদ্দিন।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য বহুবার চেষ্টা করেও প্রতিপক্ষের কারো সাথা কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও উপজেলার রাজৈ ইউনিয়ন বিট অফিসার ওয়াসিম জানান, তিনি এখনো অভিযোগটি হাতে পাননি। অভিযোগটি হাতে পেলে তদন্ত সাপেক্ষে যথযথ ব্যবস্থা নিবেন।