
বাঘা উপজেলা সংবাদদাতা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার ৮জন আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
বৃহস্পতিবার ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার জিআর নং-১৬৩/২১ (বাঘা)-এ আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রাকিব (২৮)-কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া মাদক মামলার পরোয়ানাভুক্ত পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে মিলন হোসেন, মিলিকবাঘা (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকার নইমুদ্দিনের ছেলে মো. জালাম (৫২), বাঘা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আয়েব উদ্দিনের ছেলে মো. বাবুল হোসেন, বাউসা মিয়াপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মিলন মিয়া এবং পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. বজলুলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আলতাব হোসেন এবং একই ইউনিয়নের আটঘড়ি গ্রামের শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। “আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।