
হাবিবুল্লাহ তালুকদার, ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের নেতৃত্বে নৌকাযোগে কলসিন্দুর থেকে ঘোষগাঁও পর্যন্ত নেতাই নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম শনাক্ত করা হয়। পরে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।