👁 310 Views

সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সেনবাগ থানার উদ্যোগে ও ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি মাদকবিরোধী র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনের সভাপতিত্বে এবং রবিউল হক মানিক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহছিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাকের, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক সামু, ৬ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন দুলাল।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজিবুর রহমান, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাস্টার শরিফুল ইসলাম এবং নোয়াখালী জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ এলাকায় মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *