👁 443 Views

উপজেলা নির্বাহী অফিসার কে নিয়ে আপত্তিকর মন্তব্য, ২ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম কে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার। উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন- কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)র বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর ও অনাকাঙ্খিত মন্তব্য করার জেরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৪ আগস্ট এ নির্দেশ জারি করা হয়। গতকাল ঘটনার সূত্রে জানা যায়, গত ১০আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন। মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন কর্মকান্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *