
বার্তা সংস্থা পিপ (পাবনা) : নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পাবনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রহমান, স্কয়ার শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এমজি আরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং পাবনা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ আলী।
আলোচনা সভায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান ও সাইফুল ইসলাম লিটনসহ পাবনার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্যাবের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পণ্যের গুণগত মান নিশ্চিত করা, মানসম্মত উৎপাদনব্যবস্থা গড়ে তোলা, ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিল্প ও বাণিজ্য খাতে মানসম্মত পণ্য উৎপাদন এবং বিপণনে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।