👁 338 Views

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সোহেল রানা (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৩ সালের ৩ এপ্রিল সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়।  এঅভিযান চলাকালে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে হেরোইন নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪ গ্রাম হেরোইনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।স্বাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার  সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *