👁 144 Views

পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাশগাড়া গ্রামের ফয়জার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ‘আল হামরা’ নামের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষের পর মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাস ও মাইক্রোবাসে থাকা আরও অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *