
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের ব্যক্তিগত গাড়িতে পানির ট্যাংক পরিষ্কারের ময়লা পানি পড়ার ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া ও তাদের স্বজনদের পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার ছেলের বিরুদ্ধে। গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওড়া পশ্চিম খণ্ড (শতদল প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন) এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— অমিত হাসান (২০), মেহেদী হাসান (১৯), রাকিব হাসান (১৯) এবং জাহিদুল ইসলাম (২৪)। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত ময়লা পানি নিচে রাখা বাড়ির মালিক আলমগীর হোসেনের ব্যক্তিগত প্রাইভেটকারের ওপর পড়ে।
এতে বাড়ির মালিক ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে ছাদে উঠে পড়েন। এসময় তারা ভুক্তভোগীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। লাঠি ও পাইপের আঘাতে আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এমনকি তাদের নিচে নামিয়ে এনে আবারও কিল-ঘুষি ও লাথি মারা হয়।
অভিযোগকারী আতাউর রহমান জানান, ঘটনার সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানা পুলিশ জানায়, ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।