👁 183 Views

রংপুর-বগুড়া মহাসড়কে কচুর হাট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খেদমতপুর এলাকায় ব্যস্ত মহাসড়কের পাশে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বসছে কচুর হাট। এতে প্রতিদিনই যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়কের পাশে হাট বসায় ক্রেতা-বিক্রেতা, পণ্যবাহী যানবাহন ও পথচারীদের ভিড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ততম এই মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে হাট চলায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। হাটের সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের চাপ বেড়ে যায়। পাশাপাশি ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর ও পাশে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা, এভাবে মহাসড়কের পাশে হাট চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
বিকেল থেকে রাত পর্যন্ত হাট চলাকালে কচু ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। এতে মহাসড়কের ওপর তৈরি হয় অতিরিক্ত চাপ। ফলে যানবাহনের স্বাভাবিক গতি কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
এলাকার সচেতন মহল বলছেন, জননিরাপত্তার স্বার্থে মহাসড়কের পাশ থেকে কচুর হাটটি দ্রুত সরিয়ে নিরাপদ ও খোলা কোনো স্থানে স্থানান্তর করা জরুরি। একই সঙ্গে হাটের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্ঘটনা ও প্রাণহানির পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তাদের দাবি, রংপুর-বগুড়া মহাসড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবিলম্বে কচুর হাটটি অন্যত্র স্থানান্তর করা হোক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এ এলাকায় দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *