
এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এক বিশাল সফল অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। উপজেলার বিনোদনগর ইউনিয়নের হাসখোলা বিল এবং কুশদহ ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয় থেকে জব্দ করা ১,৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারী (স্থানীয়ভাবে পরিচিত ‘শয়তান জাল’) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামানের উপস্থিতিতে এই নিষিদ্ধ জালগুলো আগুনে ভস্মীভূত করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, এই ক্ষতিকর জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকে পড়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশীয় মাছের বংশ ধ্বংসকারী এই চক্রের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং এই কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত জারি থাকবে।