👁 251 Views

স্কুল কমিটি নিয়ে ইউএনও কার্যালয়ে উত্তেজনা, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হিমেলের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং স্থানীয় রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও উপস্থিত ব্যক্তিদের ভাষ্য, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনসংক্রান্ত বিষয়ে হারুনুর রশিদ হিমেল ইউএনওর কার্যালয়ে যান। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, এ সময় তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সমর্থন নেওয়ার চেষ্টা করেন। তবে তার রাজনৈতিক পরিচয় জানার পর তারা তার অবস্থানকে সমর্থন করেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তিনি একাই ইউএনওর দাপ্তরিক কক্ষে কমিটি গঠনসংক্রান্ত বিষয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বলে কয়েকজন উপস্থিত ব্যক্তি দাবি করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন একটি প্রশাসনিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও এ বিষয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা কীভাবে ইউএনওর দাপ্তরিক কক্ষে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পেলেন। একই সঙ্গে কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে হারুনুর রশিদ হিমেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার বক্তব্য জানা প্রয়োজন।
স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *